বাপ্রসাফের মাসিক সভায় নতুন উপদেষ্টা গোলাম বিন মিশাল
- আপলোড সময় : ১২:৫৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ২২৪ বার পড়া হয়েছে
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম—বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি অভিজাত রেস্টুরেন্টে।
সংগঠনের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁনের সভাপতিত্বে এবং বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিনের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন আনন্দ টিভির সৌদি আরব প্রতিনিধি আকন্দ ভুবন, বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, একুশে টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া এবং এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম। এছাড়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মাহদি আমিন ও সানাউল্লাহ আপন তাজ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী গোলাম বিন মিশালকে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম—বাপ্রসাফের সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
এ ছাড়া পরপর দুটি সভায় অনুপস্থিত থাকা সদস্যদের বিষয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সভায় নিয়মিত উপস্থিত সদস্যদের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান ও সাংগঠনিক কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে মনোনীত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রবাসী সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।















