শিরোনাম :
চট্টগ্রামে শর্টগান ও কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার
- আপলোড সময় : ০২:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকার আতুরার ডিপো থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ হাসান মোস্তফা স্বপন এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদের আতুরার ডিপো এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ তৌহিদুল ইসলাম সামির (২২) ও মোঃ আলমগীর হোসেন সজীব (২০)।
তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি লোহার তৈরি শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার হওয়া অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

























