সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক: তথ্য উপদেষ্টা
- আপলোড সময় : ০৫:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে অন্তত তিনজন আহত হয়েছেন। নাহিদ ইসলাম এ ঘটনায় প্রশাসনকে দায়ী করেছেন।
জাহেদ উর রহমান বলেন, ‘গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এর সঙ্গে জড়িত তাদের তদন্ত করা এবং ধরা।’ তিনি নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘এটা তার অধিকারও আছে।’
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনো ২৪ ঘণ্টাও যায়নি। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।’
নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।’ তিনি এ ঘটনার দায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপান।






















