কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আপলোড সময় : ০১:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে কাতারের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ এবং সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ কাতারের সঙ্গে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে, যা কয়েক দশক ধরে লালিত হয়ে আসছে।
তিনি বলেন, গভীর এই শোকের মুহূর্তে তার চিন্তা ও প্রার্থনা কাতারের রাজপরিবার এবং জনগণের সঙ্গে রয়েছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত সদস্যদের ধৈর্য ও শক্তি প্রদান করেন।
























