মিসরে ৭০০ কপি পবিত্র কোরআন বিতরণ করলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
- আপলোড সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
মিসরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে তানতা শহরের একটি হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৭০০ কপি পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় একটি মাদ্রাসায় এ কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, এই বিতরণ অনুষ্ঠান তাদের চলমান ‘সাদকাহ জারিয়াহ’ প্রজেক্টের অংশ। এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ২০০-এর বেশি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনের গাজায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোরআনের শিক্ষা বিস্তার এবং দ্বীনি শিক্ষার্থীদের প্রয়োজন পূরণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামীতে আরও বৃহত্তর পরিসরে সাদকাহ জারিয়াহভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বাংলাদেশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম কোরআনের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক কর্মকাণ্ডের একটি অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

























