টেকনাফ-সেন্টমার্টিনে ট্রলার চলাচল শুরু, ফিরলেন ১৪০ দ্বীপবাসী
- আপলোড সময় : ০৪:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়া ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আট দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল আবার শুরু হয়েছে। এতে টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিনের ১৪০ জন বাসিন্দা নিজ গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকালে টেকনাফ জেটিঘাট থেকে তিনটি ট্রলার যাত্রী ও প্রয়োজনীয় মালামাল নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুপুরের দিকে ট্রলারগুলো নিরাপদে দ্বীপে পৌঁছায়।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, বৈরী আবহাওয়ার কারণে গত আট দিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ ছিল। ফলে সেন্টমার্টিনের বাসিন্দাসহ বিভিন্ন প্রয়োজনে টেকনাফে আসা অনেক মানুষ সেখানে আটকে পড়েন।
তিনি আরও জানান, শনিবার তিনটি ট্রলারে আনুমানিক ১৪০ জন যাত্রীকে সেন্টমার্টিনে পৌঁছে দেওয়া হয়েছে। একই দিনে সেন্টমার্টিন থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফের উদ্দেশে রওনা হয়েছে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, সাগরের পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আটকে পড়া যাত্রীরা সেন্টমার্টিনে যেতে পেরেছেন। পাশাপাশি দ্বীপের প্রায় ৩০০ পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও ট্রলারে করে পাঠানো হয়েছে।
























