প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্পের উদ্যোগ
- আপলোড সময় : ১২:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের ৬৪ জেলার ৫৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য একটি নতুন প্রকল্প শুরু করেছে। এর মধ্যে ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি সিটি কর্পোরেশনের ৫১টি নির্বাচিত বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।
সম্প্রতি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচিত বিদ্যালয়গুলোর তালিকা যাচাই করে দ্রুত প্রত্যয়নপত্র প্রস্তুত করতে হবে।
অফিস আদেশ অনুযায়ী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের তাদের নিজ নিজ জেলার বিদ্যালয়গুলোর তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র প্রস্তুত করতে হবে। প্রত্যয়নপত্র আগামী ৫ জুলাই ২০২৬-এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠাতে হবে।
প্রকল্পটির বাস্তবায়ন হলে নির্বাচিত বিদ্যালয়গুলোর ভবন, শ্রেণিকক্ষ, স্যানিটেশন, নিরাপদ পানি, বিদ্যুৎ এবং অন্যান্য শিক্ষা-সহায়ক অবকাঠামোর উন্নয়ন হবে। এতে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
























