এইচএসসি পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা ও নতুন নির্দেশনা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
- আপলোড সময় : ০৬:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা ঘোষণা করেছেন। বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন সংশোধন করে পরীক্ষায় জালিয়াতি বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে, যেখানে পরীক্ষার্থীরা এখন পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন। শিক্ষকদের প্রশিক্ষণ জোরদার ও উত্তরপত্রের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্যোগপূর্ণ এলাকার প্রস্তুতির বিষয়ে মন্ত্রী জানান, স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে অকারণে পরীক্ষা স্থগিত করার পক্ষে সরকার নয়।
শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ডিজিটাল প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, বর্তমান ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার করা হবে। ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।






















