জেবুন্নেসা আফরোজকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হলো
- আপলোড সময় : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
রাজধানীর ভাটারা থানায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
জেবুন্নেসাকে আদালতে হাজির করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে আদালত তার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানো হয়।
জেবুন্নেসা আফরোজকে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে রয়েছেন। গত ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিফাত আল আফসানী।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ সম্বোধন করেন, যা প্রতিবাদের জন্ম দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় রবিউল ইসলাম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২৫ ডিসেম্বর রবিউল ইসলাম নিজেই বাদী হয়ে মামলা করেন।






















