ঢাকার বাস টার্মিনাল স্থানান্তরে উচ্চপর্যায়ের পরিদর্শন কার্যক্রম শুরু
- আপলোড সময় : ০৮:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২৩২ বার পড়া হয়েছে
ঢাকার চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পরিদর্শন কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করা। পরিদর্শন কার্যক্রম বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে শুরু হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৫ জুন সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় ঢাকার বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন। বুধবারের পরিদর্শনে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিনিধিদল পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস এলাকা, হাসনাবাদ (ইকুরিয়া), কাঁচপুর এবং ফুলবাড়িয়া এলাকা পরিদর্শন করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিদর্শনের পর উপযুক্ত স্থান নির্বাচন করে ধাপে ধাপে বাস টার্মিনাল স্থানান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচলকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্য রয়েছে।
























