ফেনীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু
- আপলোড সময় : ১০:০০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
ফেনীর পরশুরামে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ১৬ বছর বয়সী গৃহকর্মী ফারহানা আক্তার প্রিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা গেটসংলগ্ন কাদের টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রিয়া স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদা আক্তার তিমুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, তবে সেটির সঙ্গে মৃত্যুর সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
নিহত প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলাম ও ফারজানা আক্তারের মেয়ে। পারিবারিক সমস্যার কারণে প্রায় তিন বছর আগে তাকে ওই বাসায় গৃহকর্মী হিসেবে রাখা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জাহেদা আক্তার তিমু স্কুল থেকে ফিরে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি ও দরজায় ধাক্কাধাক্কি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় প্রিয়ার মরদেহ দেখতে পান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।






















