মন্দিরে হিন্দু সেজে চুরির চেষ্টা, দুই নারী আটক
- আপলোড সময় : ১২:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ পৌরসভার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীর ছদ্মবেশে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুই নারী হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের জুনাইদ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া গ্রামের শাকির হোসেনের স্ত্রী মিনা আক্তার (১৯)। বুধবার মন্দিরে মহানামযজ্ঞ উপলক্ষে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই নারী হাতে শাঁখা ও কপালে সিঁদুর পরে অনুষ্ঠানে অংশ নেন। প্রসাদ বিতরণের সময় তারা এক নারী ভক্তের গলা থেকে সোনার চেইন চুরির চেষ্টা করেন। উপস্থিত ভক্তরা তাদের হাতেনাতে আটক করেন।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, মহানামযজ্ঞ চলাকালে দুই নারীকে আটক করা হয় এবং পরে তাদের পুলিশে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীদের বিরুদ্ধে কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ না দেওয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে চুরির ঘটনার কোনো আলামত উদ্ধার করা যায়নি বলেও তিনি জানান।

























