বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে আবেদন
- আপলোড সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপির এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মান্নান হোসেন শাহীন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
শাহীন জানান, তিনি চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকে তাকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়লে মোহাম্মদপুরের কিশোর গ্যাংরা বেপরোয়া হয়ে ওঠে। এর ফলে তিনি ও তার নেতাকর্মীরা বিভিন্ন মহল্লা পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন।
শাহীন অভিযোগ করেন, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদ উদ্যানের ২ নম্বর রোডের শাপলা ভবনের নিচতলায় তার ওপর হামলা করা হয়। তিনি জানান, হামলার সময় তাকে ৪২টি কোপ দেওয়া হয় এবং ৩৭ দিন আইসিইউতে কাটানোর পর তিনি হাসপাতালে ৭ মাস ছিলেন। বর্তমানে তিনি আসন্ন নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে তার অবস্থান নেওয়ায় কিশোর গ্যাং ও কুচক্রী মহল আবারও তাকে হত্যার চেষ্টা করতে পারে। শাহীন আরও জানান, গত ৪ সেপ্টেম্বর চাঁদ উদ্যানে চাঁদা দাবির বিরুদ্ধে গিয়ে হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শাহীন বলেন, এই পরিস্থিতিতে তিনি ও তার পরিবার আতঙ্কিত। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।






















