পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১৩
- আপলোড সময় : ০৭:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২১৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার একটি আত্মঘাতী বোমা হামলার পর ঘটনাস্থলে আসা একটি অ্যাম্বুলেন্সে গুলি চালানো হয়েছে। এই হামলায় এক উদ্ধারকর্মী নিহত এবং দুজন আহত হয়েছেন। হামলায় অন্তত ১২ জন নিহত ও প্রায় ৩৫ জন আহত হন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি সড়কের পাশে পুলিশের তল্লাশি চৌকিতে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে চৌকিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী বলে জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান সফদার বালোচ।
হামলার পর আহতদের হাসপাতালে নেওয়ার সময় বন্দুকধারীরা একটি অ্যাম্বুলেন্সে গুলি চালায়। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার সংখ্যা বেড়েছে, যার বেশিরভাগের দায় টিটিপি এবং বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি স্বীকার করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাকিস্তানি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে আফগানিস্তানের তালেবান সরকার তাদের ভূখণ্ডে টিটিপি সদস্যদের কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে, যদিও আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
হামলার দুই দিন আগে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। নতুন করে সংঘাত বাড়ায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় চীন, তুরস্ক, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতার উদ্যোগও হুমকির মুখে পড়েছে।












