নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানে খামেনির জানাজায় অংশ নিতে যাচ্ছেন
- আপলোড সময় : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন। তবে তার সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।
এনসিপি সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ৩০ জুন ভিসার আবেদন করেন। ১ জুলাই তিনি তার আবেদন মঞ্জুর হওয়ার খবর পান এবং এখন বিমানের টিকিট করার প্রক্রিয়া চলছে।
একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও ইরান যাচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং এস এম খালিদুজ্জামান অন্তর্ভুক্ত রয়েছেন।
আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন। তার শেষ বিদায় ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম এবং খামেনির জন্মস্থান মাশহাদে অনুষ্ঠিত হবে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।






















