বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- আপলোড সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার লক্ষ্য হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা।
সোমবার (৬ জুলাই) দুপুরে বুয়েটের ইসিই ভবনের ৬৩৪ নম্বর কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বুয়েট ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ মমিনুজ্জামান স্বাগত বক্তব্য দেন। পরে প্রয়াস ইনস্টিটিউটের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং সমঝোতার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, ডীন অধ্যাপক ড. মো. কামরুল হাসান এবং প্রয়াস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কর্নেল মো. আলতাফ আলী। বক্তারা প্রযুক্তিভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এই সহযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
সমঝোতা স্মারকের আওতায়, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) শনাক্তকরণ পদ্ধতি এবং ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা (আইইপি) প্রণয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
এই তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে এবং উভয় পক্ষের সম্মতিক্রমে নবায়ন করা যাবে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
























