সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: দুই যুবলীগ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর
- আপলোড সময় : ০৮:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ২১৮ বার পড়া হয়েছে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই যুবলীগ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।
মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক মো. শাখাওয়াত ইমতিয়াজ আদালতে আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, গ্রেপ্তারের সময় আসামিরা ঘুমিয়ে ছিলেন এবং তাদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে। তারা বলেন, বিস্ফোরণের ঘটনার সঙ্গে আসামিদের কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে, আসামিদের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন। পুলিশ তদন্তে জানতে পারে, গ্রেপ্তার দুই ব্যক্তি ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।






















