গরু জবাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
- আপলোড সময় : ০২:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ু রাজ্যে গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছে। সোমবার (১৩ জুলাই) এই রায়টি দেওয়া হয়, যেখানে হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশে সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।
বিজয় সরকারের আইনজীবীরা হাইকোর্টের ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। তারা যুক্তি দেখান যে, বর্তমান আইনে নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট শ্রেণির গরু জবাইয়ের অনুমতি রয়েছে, তাই হাইকোর্টের নিষেধাজ্ঞা আইনগতভাবে টিকতে পারে না।
গত সাতাশ মে, মাদ্রাজ হাইকোর্টের একটি দ্বিপাক্ষিক বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে গো-হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। বিচারপতি জিআর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণন এই রায় দেন, যেখানে জনস্বার্থে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নতির কথা বলা হয়।
বিচারপতি স্বামীনাথন ভারতীয় সংবিধানের আটচল্লিশ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, গো-সম্পদ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তবে, স্থানীয় মুসলিম সম্প্রদায় ও সামাজিক নেতারা দাবি করেছেন যে, ঈদুল আজহায় পশু কোরবানি দেওয়ার ঐতিহ্য রয়েছে এবং এটি লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় সীমাবদ্ধ করা বাস্তবসম্মত নয়।
তামিলনাড়ু সরকার আদালতকে জানিয়েছে যে, রাজ্যে পশু সংরক্ষণ আইন ও কসাইখানা সংক্রান্ত বিধিমালাগুলো পশু জবাইয়ের স্থান ও শর্তাদি নিয়ন্ত্রণ করে, তবে সেখানে সম্পূর্ণ নিষেধাজ্ঞার উল্লেখ নেই।

























