মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়
- আপলোড সময় : ০৮:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ ৯ নেতা ইসলামী ছাত্রশিবির ছাড়লেন। এই তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামও রয়েছেন। সোমবার তারা সাংগঠনিক ছাত্ররাজনীতির ইতি টানেন।
সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র প্রার্থী হতে পারেন। তিনি জানান, জাতীয় রাজনীতিতে যোগ দিতে ছাত্র সংগঠন থেকে বিদায় নিয়েছেন। তবে ডাকসুর মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র রাজনীতিতে থাকবেন এবং এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।
শিবির থেকে বিদায় নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের নেতৃত্বে শিবিরের প্যানেল ভিপি পদে জয়ী হয়। তাদের মেয়াদ আগামী ১৩ সেপ্টেম্বর শেষ হবে। নির্বাচন না হলে আরও তিন মাস দায়িত্ব পালন করতে পারবেন তারা।
জকসুতে রিয়াজুল ইসলামের নেতৃত্বাধীন শিবিরের প্যানেলের মেয়াদ আগামী বছরের ৮ জানুয়ারি শেষ হবে। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা জানান, যারা ছাত্ররাজনীতির ইতি টেনে পেশাজীবনে যেতে চান, তাদের বিদায় দেওয়া হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে মুহাম্মদ সেলিম উদ্দিন তৎপর আছেন। তবে দক্ষিণে জামায়াতের পক্ষ থেকে এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি। সাদিক কায়েমের বিষয়ে দলীয় সূত্রে জানা গেছে, তিনি হতে পারেন দলের প্রার্থী।























