প্রধানমন্ত্রী শনিবার উদ্বোধন করবেন জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম
- আপলোড সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর নভোথিয়েটারে জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর (BEAR) সামিট ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সামিটের প্রতিপাদ্য হচ্ছে 'বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ'।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সামিটের উদ্দেশ্য হলো বাংলাদেশকে বৈশ্বিকভাবে সংযুক্ত একটি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
সামিটে আন্তর্জাতিক বিশিষ্ট নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন। তাদের মধ্যে রয়েছেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস।
আলোচনায় সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল উন্নয়ন, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারত্ব, গবেষণা, উন্নত উৎপাদনব্যবস্থা, বাণিজ্যিকীকরণ এবং উদীয়মান ডিপ-টেক প্রযুক্তি নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন।
সচিব আনোয়ার হোসেন আরও জানান, সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হবে বেয়ার ইনোভেশন এক্সপো ২০২৬, যেখানে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হবে।























