খানসামায় পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার
- আপলোড সময় : ১২:৫৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৩০৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল সমমানের প্রথম পরীক্ষায় নৈর্ব্যক্তিক (MCQ) সেট পরিবর্তনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের সাকোরপাড় আকবর আলী শাহ দাখিল মাদ্রাসা কেন্দ্রের অনিয়মিত শিক্ষার্থী নাজমা আক্তার পরীক্ষায় অংশগ্রহণ করেন। জানা যায়, তিনি গত বছর নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হন। পরে পুনরায় সেই বিষয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে অসদুপায় অবলম্বনের অভিযোগ ওঠে।
এ বিষয়ে মাদ্রাসার সুপার জানান, নাজমা আক্তার একজন অনিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৈর্ব্যক্তিক সেট পরিবর্তনের দায়ে কেন্দ্র সচিব তাকে বহিষ্কার করেছেন। পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।






















