ডেমরায় থানা বিএনপির আহ্বায়কের বাড়ীতে সন্ত্রাসী হামলা ও গুলি
- আপলোড সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ২২৩ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস.এম রেজা চৌধুরী সেলিমের বাড়ীতে সন্ত্রাসী হামলা ও কয়েক রাউন্ড গুলি করার ঘটনা ঘটেছে| শুক্রবার (২৮—আগষ্ট) ভোর ৪ টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পিছনে অবস্থিত নিজ বাসভবনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে| এদিকে এ বিষয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন| এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে|
সেলিম চৌধুরীর বড় ভাই শাহিন চৌধুরী জানান, শুক্রবার ভোর ৪ দিকে বিকট শব্দে আমার ঘুম ভাঙে| এ সময় মায়ের রুমের থাই গ্লাস ভাঙ্গার শব্দ শুনতে পেয়ে বারান্দায় গিয়ে দেখি রাস্তার উপর ৪ টি মোটর সাইকেলে করে হেলমেট পরিহিত ৭/৮ জনের এটি দল আমাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে| এ সময় আমি ধাওয়া করতে চাইলে তাৎক্ষনিক তারা পালিয়ে যায়|
এ বিষয়ে ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস.এম রেজা চৌধুরী সেলিম বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেমরা থেকে মাদক নির্মূল করার জন্য আমি ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি| এক্ষেত্রে মাদক কারবারীদের আটক করে পুলিশে দেয়া এবং মাদক ব্যাবসার বিরুদ্ধে প্রকাশ্যে ভূমিকা রাখার কারণেই আমার বাড়ীতে মাদক কারবারীরা এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে| তারা রাতের অন্ধকারে গুলি করাসহ সন্ত্রাসী হামলা চালিয়ে আমাকে ভয় দেখালেও কোন লাভ হবে না| যেভাবেই হোক এসব মাদক কারবারীদের ঠাঁই ডেমরায় হবে না| এ বিষয়ে আমি ডেমরা থানা পুলিশের আরো জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি|
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.তাইফুর রহমান মির্জা বলেন, অত্যন্ত দুঃখজনক এ ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং আলামত সংগ্রহ করি| এ সময় কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে| তবে কোনভাবেই ডেমরায় মাদকের আস্তানা থাকবে না| এক্ষেত্রে সকলের সহযোগিতায় ডেমরা থেকে মাদক নির্মূল করবোই| এ বিষয়ে থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে এবং মামলার প্রস্তুতিও চলছে|















