মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা
- আপলোড সময় : ০৫:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে মন্ত্রীর পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ গাড়িটি উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। কর্তব্যরত পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে দেন, কারণ এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন ছিল।
পরে গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বিপরীত লেনে ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার সময় গাড়ির ভেতরে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানান, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। অতীতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে যাওয়ার খবর গণমাধ্যমে এলেও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার নজির এই প্রথম।
সার্জেন্ট সিফাত গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রীর গাড়িটি লেন লঙ্ঘন করে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তখন দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গাড়িটি আটক করেন।’ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে আইন মেনে যানজটের মধ্যেও ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সচিবালয়ে যাতায়াত করছেন, তাই মন্ত্রী বা সচিবের গাড়ির উল্টোপথে যাওয়ার ঘটনা কাম্য নয়।






















