বিমানবন্দরের ভিডিও নিয়ে আনসারের ব্যাখ্যা প্রকাশ
- আপলোড সময় : ০৫:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিষিদ্ধ এলাকায় অবস্থান ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ উঠেছে। ক্যানোপি-০২ এলাকায় এক দর্শনার্থীর সঙ্গে আনসার সদস্যদের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও ক্যাপশন ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ করে। বাহিনীর গোয়েন্দা শাখার অনুসন্ধানে জানা যায়, গত ১ সেপ্টেম্বর এক যাত্রীর স্বজন নিষিদ্ধ স্থানে অবস্থান করছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বজায় রাখতে ওই এলাকায় সাধারণ যাত্রী বা স্বজনদের অবস্থান নিষিদ্ধ। আনসার সদস্যরা তাকে সেখান থেকে সরে যেতে একাধিকবার অনুরোধ করেন।
তবে সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপত্তা নির্দেশনা না মেনে সেখানে অবস্থান করতে থাকেন এবং আনসার সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। আনসার সদস্যরা পরে তাকে আগমনী গেটের অভ্যন্তরে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন, যা অ্যাভসেক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছিল।
বিমানবন্দরের নিরাপত্তা বিধি ও নির্ধারিত প্রবেশ-নিষেধাজ্ঞা কার্যকর রাখা নিরাপত্তাকর্মীদের নিয়মিত দায়িত্বের অংশ। আনসার সদস্যরা এ ঘটনায় নিজেদের উদ্যোগে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বা একপাক্ষিক তথ্যের মাধ্যমে ঘটনার ভিন্ন উপস্থাপন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তারা ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনায় প্রকৃত তথ্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।























