শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার
- আপলোড সময় : ০৩:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ও বিরোধী দলের আইনপ্রণেতা নামাল রাজাপাকসেকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য এয়ারবাসের উড়োজাহাজ কেনার সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগের তদন্তে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি দমন সংস্থা কমিশন টু ইনভেস্টিগেট অ্যালিগেশনস অব ব্রাইবারি অ্যান্ড করাপশন পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে নামাল রাজাপাকসেকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে আদালতে হাজির করা হলে কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসাঙ্গা এস বোদারাগামা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দেন।
নামাল রাজাপাকসে শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার সংসদ সদস্য। তিনি বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৩ সালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে।
গত আগস্টে এয়ারবাসের একটি প্রতিনিধি দল কলম্বো সফর করে তদন্তে সহযোগিতা করতে। ২০২০ সালে উড়োজাহাজ বিক্রিতে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নিয়ে তিন বছরব্যাপী তদন্তের পর এয়ারবাসকে প্রায় ৪ বিলিয়ন ডলার জরিমানা দিতে হয়।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নামাল রাজাপাকসের আইনজীবীদের তাৎক্ষণিক মন্তব্যের জন্য পাওয়া যায়নি। শ্রীলঙ্কান এয়ারলাইন্স ও এয়ারবাসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
























