সীমান্ত হত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে যাবে এনসিপি
- আপলোড সময় : ১০:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। তারা শুধুমাত্র বাংলাদেশের নাগরিক।’ তিনি অভিযোগ করেন, বাংলাদেশি হওয়ার কারণে ভারত তাদের হত্যা করে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না।
তিনি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগের পাশাপাশি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিজিবিকে আধুনিক অস্ত্র ও উন্নত বেতন-ভাতা দিয়ে শক্তিশালী করার দাবি জানান তিনি। এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দেন।
এ সময় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে অন্যায় ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ভবিষ্যতের বাংলাদেশে হতে দেওয়া হবে না। তিনি সীমান্তবাসীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
গত ১২ জুন ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হন মো. মুজিব আলী। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।






















