পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
- আপলোড সময় : ০৬:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়ার একদন্তে বিএনপি নেতা আদম আলী (৬০) কে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। আদম আলী ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি।
চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের পথরোধ করে। প্রথমে তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।






















