রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, ভুয়া খবরের বিরুদ্ধে তানি লায়লার ক্ষোভ
- আপলোড সময় : ০৬:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে ছড়ানো খবরটি ভিত্তিহীন গুজব বলে জানিয়েছেন রুনা লায়লার একমাত্র কন্যা তানি লায়লা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তানি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি কিছু ভুয়া ছবি ও ভিডিওর মাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
তানি বলেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই-নির্ভর ইউটিউব ভিডিও এবং মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে এসব ভুয়া কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছেন।
তানি লিখেছেন, “আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।” তিনি মায়ের মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়িয়ে পড়ায় কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেন।
গণমাধ্যমের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে তানি বলেন, রুনা লায়লাকে নিয়ে কোনো খবর প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করে যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত। রুনা লায়লা দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে সংগীতের বিভিন্ন আয়োজনে সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে আয়োজিত দুটি কনসার্টে গান পরিবেশন করেন তিনি।

























