পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি ছোড়ার অভিযোগ, উত্তেজনা বৃদ্ধি
- আপলোড সময় : ০৭:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২১৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশিদের চারটি নৌকা আটকে রাখার অভিযোগও রয়েছে, যা ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, ওই সময় কিছু বাংলাদেশী নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা তাদের দেখে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং নদী থেকে বালু ও পাথর উত্তোলনের চারটি ছোট নৌকা জব্দ করে। বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে এবং বিকেলে পতাকা বৈঠকের কথা রয়েছে।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি বিজিবি তাদের জানিয়েছে এবং খোঁজ নিয়ে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






















