বগুড়ায় পাওনা টাকা নিয়ে বন্ধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
- আপলোড সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
বগুড়ায় পাওনা টাকা চাওয়ার কারণে ওয়াহেদ হোসেন নিঝুম (৩৭) নামের এক ফল ব্যবসায়ীকে কোমল পানীয়র সঙ্গে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনার পর নাজিম উদ্দিন (৩৭) নামে এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নাজিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার মদনাই গ্রাম থেকে নাজিমকে গ্রেপ্তার করা হয়। নাজিম ওই গ্রামের বাসিন্দা এবং তিনি ও অপর আসামি মো. স্বপন একটি বেসরকারি সংস্থায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
নিহত ওয়াহেদ হোসেন নিঝুম বগুড়া শহরের স্টেশন সড়কে বাবার সঙ্গে ফলের আড়ত পরিচালনা করতেন। কিছুদিন আগে ওয়াহেদ তার মায়ের নামে একটি এনজিও থেকে সাত লাখ টাকা ঋণ নিয়ে স্বপনকে দুই লাখ ও নাজিমকে এক লাখ টাকা ধার দেন। পাওনা টাকা ফেরত চাওয়ার কারণে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম স্বীকার করেছেন যে, পাওনা টাকা শোধ না করতেই ওয়াহেদকে হত্যার পরিকল্পনা করা হয়। ৭ আগস্ট ওয়াহেদকে শহরের মালগ্রাম এলাকার একটি এনজিও কার্যালয়ে ডেকে এনে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ও বিষাক্ত দ্রব্য মিশিয়ে পান করানো হয়। পরে তার মরদেহ বস্তায় ভরে ধানক্ষেতে ফেলে রাখা হয়।
ওয়াহেদ নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পাঁচ দিন পর ১২ আগস্ট মালগ্রাম মধ্যপাড়া এলাকার ধানক্ষেত থেকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই সোহেল হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।























