ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার, তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
- আপলোড সময় : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মাদ্রাসার তিন শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকার) অভিযোগে প্রধান শিক্ষক আবুল বাশারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা কোটচাঁদপুর থানায় আবুল বাশারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন যে, তার ছেলে ও আরও দুই শিশুকে ধর্ষণ করা হয়েছে।
গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের বাসিন্দা এবং দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক। ভুক্তভোগী তিন শিক্ষার্থী ওই মাদ্রাসার আবাসিক ছাত্র।
পুলিশ ও কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষক আবুল বাশার কয়েকদিন ধরে তিন শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। গতকাল এক শিক্ষার্থীকে দেখতে তার দাদা মাদ্রাসায় এলে বিষয়টি জানায় ভুক্তভোগী। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় এসে শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
এ সময় তার ব্যক্তিগত কক্ষ থেকে যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার আবুল বাশারকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


























