চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, মাঠ নিশ্চিতের নির্দেশনা
- আপলোড সময় : ০১:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (২৮ জুন) অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে, সেগুলোকে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার উদ্যোগ নিতে হবে।
এছাড়া, দেশের প্রায় ১১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই, সেসব বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করে তথ্যসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাঠানোর আগে পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
মাঠের অভাব হলে আশপাশের বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির মাঠ ব্যবহারের জন্য সমঝোতা বা চুক্তির উদ্যোগ নিতে হবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মন্দির, মসজিদ, খালি জায়গা বা সরকারি সংস্থার মাঠ ব্যবহার করে খেলাধুলার আয়োজনের ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
অধিদপ্তরের মতে, মাঠের ব্যবস্থা করা সম্ভব না হলে দাবা, ক্যারামসহ ইনডোর গেমসের সরঞ্জাম সরবরাহ করতে হবে। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এসব নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।


























