ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদের মামলা
- আপলোড সময় : ০৪:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা এবং শ্যালক শেখ আমিনুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে। অভিযোগ রয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তাদের নামে মোট ৮ কোটি ৪ লাখের বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। শেখ মামুন খালেদের নামে ১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৯৫ টাকার, নিগার সুলতানার নামে ৫৮ লাখ ৭৪ হাজার ৮০৯ টাকার এবং শেখ আমিনুর রহমানের নামে ৫ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৮৫৫ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে।
দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধ শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার সম্পদের হিসাব যাচাই করে দেখা গেছে, তার আয় ও ব্যয়ের মধ্যে অসামঞ্জস্য রয়েছে।
নিগার সুলতানার আয়কর নথিতে মৎস্য চাষ থেকে যে আয় দেখানো হয়েছিল, তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। একইভাবে, শেখ আমিনুর রহমানের আয়কর নথিতে মৎস্য চাষ থেকে উল্লেখিত আয়ও ‘ভিত্তিহীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় পৃথক তিনটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। মামলাগুলোতে দুদকের সহকারী পরিচালক পিয়াস পালকে বাদী হিসেবে নিয়োগ করা হয়েছে।




















