বিরোধী এমপিদের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
- আপলোড সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২১৬ বার পড়া হয়েছে
বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
মির্জা ফখরুল বলেন, “সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।” বরাদ্দটি মসজিদ, গোরস্তান ও ঈদগাঁহর জন্য দেওয়া হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি ৪০ বছর সংসদে কাটিয়েছেন এবং বিরোধী দলের সদস্য ছিলেন; কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ কখনও পাননি। তিনি বলেন, “একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি।”
স্পিকার বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বাজেট আলোচনায় দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। তিনি ভোলার সমস্যার কথাও উল্লেখ করেন এবং বলেন, সভাপতির আসনে বসে নিজের নির্বাচনি এলাকার সমস্যা তুলে ধরতে পারছেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিরোধীদলীয় নেতার বক্তব্যের বিষয়ে ‘সুবিচার’ করবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।

























