নবম পে স্কেল: জুলাই থেকেই কার্যকর হবে নতুন মূল বেতন
- আপলোড সময় : ০১:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়ন হতে পারে, যার মধ্যে আগামী ১ জুলাই থেকে নতুন স্কেলে মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ জমা দেওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির।
নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটি প্রথমে তিন ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার সুপারিশ করেছিল। তবে কর্মচারীদের আপত্তির কারণে পরিকল্পনা পরিবর্তন করে এখন ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় জানান, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে রয়েছেন এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয় নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অন্তর্ভুক্ত রয়েছেন। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক বেতন কাঠামোর প্রতিবেদনও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।






















