বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও আবু বক্কর সিদ্দিক
- আপলোড সময় : ১০:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
সরকারি বদলির আদেশ জারির দুই মাস পেরিয়ে গেলেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কর সিদ্দিক একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।
নতুন কর্মস্থলে যোগ না দিয়ে তিনি অফিসে বহাল তবিয়তে থাকায় প্রশাসনিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। চলতি বছরের ৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে আবু বক্করকে পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বদলি করা হয়।
সরকারি বিধি অনুযায়ী, বদলির আদেশ জারির সাত দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ ছিল। সে অনুযায়ী, ১৪ মে তার ক্ষেতলালে দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও তিনি এখনও পাঁচবিবি উপজেলায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক জানান, ‘বদলির আদেশ হয়েছে ঠিকই, তবে আমাকে রিলিজ দেওয়ার বিষয়টি জেলার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অধীনে। জুন মাসে কিছু প্রকল্পের বরাদ্দ ও কাজের সমাপনী কার্যক্রম ছিল। আশা করছি, আগামী ১৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে পারব।’
জয়পুরহাট জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বদলির আদেশ বহাল রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত তাকে নতুন কর্মস্থলে পাঠানো হবে।’

























