ইয়াবাসহ বিএনপি নেতা এমরান হোসেন রুবেল গ্রেপ্তার
- আপলোড সময় : ০৬:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন এমরান হোসেন রুবেল (৪৮), যিনি জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আজিজুল হক (৪৮), যিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। এমরান হোসেন রুবেল বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে এবং বর্তমানে জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, উদ্ধার করা ইয়াবার ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





















