চট্টগ্রামে ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত হোসেন
- আপলোড সময় : ০৪:১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকা থেকে বৃষ্টির পানি নেমে গেছে, তবে কিছু নিচু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নগরের প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে ইতোমধ্যে পানি নেমে গেছে এবং অবশিষ্ট এলাকাগুলোতেও দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন শুক্রবার চান্দগাঁও থানার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তারা হাজীরপোল, চান্দগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অনন্যা আবাসিক এলাকা ও শমসেরপাড়া ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পানি আটকে থাকার কারণ এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে মতামত নেন মেয়র ও সংসদ সদস্য। মেয়র বলেন, কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ সদস্য এরশাদ উল্লাহ জানান, যেসব নিচু এলাকায় পানি জমে আছে, সেখান থেকেও দ্রুত পানি নেমে যাবে। তিনি বলেন, চসিক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে।
মেয়র ও সংসদ সদস্য স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তারা জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ চলমান রাখার আশ্বাস দেন।
























