সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলো আটকে পড়া ১৫০ পর্যটক
- আপলোড সময় : ১০:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
সাজেকে টানা দুই দিন ধরে আটকে থাকা প্রায় ১৫০ জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ফিরেছেন।
অবিরাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-সাজেক সড়কের কয়েকটি স্থান পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার সকাল থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে সাজেকে বেড়াতে যাওয়া প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েন। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সড়কের পানি না কমায় তাদের ফেরানো সম্ভব হচ্ছিল না।
এ অবস্থায় আটকে পড়া পর্যটকদের বিশেষ ব্যবস্থায় নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্টরা জানান, সাজেক পর্যটন এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন (২০৩ পদাতিক ব্রিগেড)-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
বৃহস্পতিবার বাঘাইহাট জোনের সেনাসদস্যরা ভেলা ও নৌকার মাধ্যমে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সেনাবাহিনীর সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫০ জন পর্যটক খাগড়াছড়ি জেলা সদরে ফিরে এসেছেন।
সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে আটকে থাকা সব পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
























