সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র
- আপলোড সময় : ০৮:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, জেলার প্রধান নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।
পাউবোর তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭ দশমিক ৩০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা মৌসুমি বিপৎসীমা ৭ দশমিক ৮০ মিটারের চেয়ে ০ দশমিক ৫০ মিটার নিচে রয়েছে।
ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা ৮ দশমিক ৩৮ মিটার, যা মৌসুমি বিপৎসীমা ৮ দশমিক ৭০ মিটারের চেয়ে ০ দশমিক ৩২ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শক্তিয়ারখলা পয়েন্টে নদীর পানির উচ্চতা ৭ দশমিক ২৮ মিটার, যা মৌসুমি বিপৎসীমা ৮ দশমিক ০৫ মিটারের তুলনায় ০ দশমিক ৭৭ মিটার নিচে রয়েছে।
জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানিয়েছেন, জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণ, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, নৌযান এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদু হক জানিয়েছেন, উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলার কোথাও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

























