এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন উপজেলা সভাপতি
- আপলোড সময় : ০১:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাদুল্লাপুর উপজেলা সভাপতি শফিজল ইসলাম বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
এ সমাবেশটি জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। শফিজল ইসলাম তার বক্তব্যে জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ‘আমি অত্যন্ত সাড়া পাচ্ছি। আমাকে যদি জামালপুর ইউনিয়নের মানুষ একটু সহযোগিতা করে, আমাকে হয়তো ঠেকাতে পারবে না।’ বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন।
স্লোগান দেওয়ার পর উপস্থিত নেতাকর্মীরা হাস্যরসের সৃষ্টি করেন। পরে শফিজল ইসলাম ‘সরি’ বলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন।
এদিকে, তার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, নাজমুল হাসান সোহাগ, সুমাইয়া ফারজানা দিনা ও এসএম খাদেমুল ইসলাম খুদি।
























