মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা ২ বাংলাদেশি গ্রেপ্তার
- আপলোড সময় : ০৩:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নের প্রক্রিয়া সহজ করতে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা হিসেবে ২৯ ও ৩২ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ আগস্ট কুয়ালালামপুরের দুটি আবাসিক ইউনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির অভিবাসন বিভাগ।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ৫ আগস্ট পাসপোর্ট জালিয়াতি ও বিকৃতির অভিযোগে তিনজন ইন্দোনেশীয় নাগরিককে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর ভিত্তিতে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ এক সপ্তাহব্যাপী নজরদারি চালিয়ে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চক্রটির মূল হোতা বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই সিন্ডিকেটটি প্রায় এক বছর ধরে সক্রিয় ছিল এবং তারা বিদেশি কর্মীদের মধ্যে ‘ফরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিন মনিটরিং এজেন্সি’ (ফোমেমা)-র স্ক্রিনিংয়ে অকৃতকার্যদের টার্গেট করত। পাসপোর্টের ছবি পরিবর্তন করে অসুস্থ ব্যক্তির পরিচয় ব্যবহার করে সুস্থ ব্যক্তিরা চিকিৎসাপরীক্ষায় অংশ নিতেন।
অভিযানকালে কুয়ালালামপুরের তামান ওয়াহ্যু ও কাম্পুং বাতুর আবাসিক ইউনিট থেকে বিপুল পরিমাণ জালিয়তির সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে দুটি আসল বাংলাদেশি পাসপোর্ট, নয়টি জাল বাংলাদেশি পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং ৭০০টি পাসপোর্ট পৃষ্ঠা।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত পাসপোর্ট তৈরির উপকরণের পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে যে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩–এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।























