সেনবাগে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ
- আপলোড সময় : ১০:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ২৩১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় সেনবাগ মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক।
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নূর পেয়ারা বেগম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ২,২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এর মধ্যে ৮টি ইউনিয়নে ৮০০ জন, কাবিলপুর ইউনিয়নে ৪০০ জন এবং পৌরসভার ২০০ জন কৃষক এ সহায়তা পান।
স্থানীয় কৃষকরা জানান, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা অনেকটাই উপকৃত হয়েছেন। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং ভালো ফলনের আশা করছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলবে।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শুধু কৃষকদের মুখে হাসি ফোটায়নি, বরং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।























