খাল-ড্রেন পরিষ্কারেই মিলবে ডেঙ্গু থেকে মুক্তি—বললেন ইউএনও কায়েসুর রহমান
- আপলোড সময় : ০৫:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে চৌমুহনী পৌরসভার উদ্যোগে নঈম উদ্দিন খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌমুহনী পৌরসভার পৌর প্রশাসক কায়েসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। খাল, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজনন অনেকাংশে কমে আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
তিনি আরও জানান, পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি এ বিষয়ে সকল নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান। তারা নিয়মিত খাল পরিস্কার ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ পদক্ষেপকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব জাকির হোসেন, সুপারভাইজার বেলায়েত হোসেনসহ চৌমুহনী পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।























