সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের মামলা
- আপলোড সময় : ০৬:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২১৮ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে। অভিযোগ রয়েছে, নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন, বিতরণ ও উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং মানিলন্ডারিং করা হয়েছে।
দুদকের নথি অনুযায়ী, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামের প্রতিষ্ঠানের নামে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। অভিযোগে বলা হয়েছে, ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত না করে বড় একটি অংশ উত্তোলন করা হয়েছে।
১৫ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারকের ভিত্তিতে করা অনুসন্ধানে সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ব্যাংকের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৩ আগস্ট স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ৯০ কোটি টাকা ওডি ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১০ জানুয়ারি ঋণের সীমা বাড়িয়ে ১৪৫ কোটি টাকা করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, আত্মসাৎ করা অর্থের প্রকৃতি, উৎস ও গন্তব্য আড়াল করতে বিপুল পরিমাণ অর্থ নগদে উত্তোলন করে স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজুর সুপারিশ করা হয়েছে।













