নতুন তিন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে নিকার
- আপলোড সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বুধবার (১ জুলাই) তিনটি নতুন উপজেলা এবং একটি থানার অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১২১তম বৈঠকে গৃহীত হয়।
নতুন তিনটি উপজেলা হচ্ছে চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। পাশাপাশি চট্টগ্রামের ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠন করা হয়েছে।
নিকার বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘পাগলা’ উপজেলা গঠন করা হয়েছে। ‘হালদা থানা’ চট্টগ্রামের হাটাজারি থানাকে বিভক্ত করে গঠিত হয়েছে।
এছাড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়নগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।























