ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব হস্তান্তর করেছেন তাসনিম জুমা
- আপলোড সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে এসেছেন। তিনি বলেন, যারা এই দায়িত্বের দাবি করেছেন, তাদের কাছে এটি হস্তান্তর করাকেই তিনি ভালো মনে করেছেন।
শুক্রবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুমা বলেন, জনগণের টাকায় ইনকিলাব কালচারাল সেন্টারকে একটি ট্রাস্টের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য ছিল। তবে শহীদ উসমান হাদি এটি সম্পন্ন করতে পারেননি। তার মৃত্যুর পর তার ওয়ারিশরা এই দায়িত্ব দাবি করেন।
তিনি জানান, ফেসবুকে বিভিন্ন অপপ্রচার, কুৎসা এবং আইনি জটিলতা এড়াতে এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুমা বলেন, শহীদ উসমান হাদির সম্মান রক্ষা করাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
জুমা দাবি করেন, তাদের কাছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান মুখ্য নয়, বরং বিপ্লবটাই মুখ্য। তারা তাদের আদি সংগঠন ইনকিলাব মঞ্চে এখনো দায়িত্বশীল অবস্থায় আছেন এবং সেখান থেকেই তাদের লড়াই ও কার্যক্রম চালিয়ে যাবেন।
তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠান ছেড়ে আসা মানে এই নয় যে তারা শহীদ উসমান হাদি বা তাদের লড়াই ছেড়ে চলে এসেছেন; বরং তারা অন্য কোনো মাধ্যমে এই সংগ্রাম জারি রাখবেন।

























