স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের অভিযোগে তিনজন গ্রেপ্তার
- আপলোড সময় : ০৪:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে মাদক পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানিয়েছে, একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় ডিএনসির চেকপোস্টে অভিযান চালানো হয়। অভিযানে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয় কুমিল্লার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের সিমা ইসলাম (২২) এবং ঢাকার উর্মি আক্তার ঊষা (১৯)।
ডিএনসির কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা পাওয়া যায়, যার মধ্যে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে চারটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। গাড়িটির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল এবং গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

























