সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপলোড সময় : ০৫:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে চলমান এইচএসসি পরীক্ষায় অব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালানোর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
বুধবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে শহরের ইলিয়ট ব্রিজ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন, যা বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং চলমান এইচএসসি পরীক্ষার অসঙ্গতি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এবং কেন্দ্রভিত্তিক অব্যবস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা এসব সমস্যার দ্রুত সমাধান এবং দায়ীদের জবাবদিহিতার দাবি জানান।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।























