রাজধানীর বাজারে শাকসবজির দাম বেড়েছে, মুরগির দামও বৃদ্ধি
- আপলোড সময় : ০৪:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর কাঁচাবাজারে শাকসবজির দাম বেড়েছে। টানা কয়েক দিনের বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে বিক্রেতারা প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। একইসঙ্গে ব্রয়লারসহ অন্যান্য মুরগির দামও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) শেওড়াপাড়া ও তালতলা বাজারে গিয়ে দেখা গেছে, করলা ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৬০-৮০ টাকা, পটল ৬০-৮০ টাকা, কচুরমুখী ১০০-১২০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা এবং কচুর লতি ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, বেগুনের দাম ২০ টাকা বেড়ে ১০০-১৪০ টাকায় পৌঁছেছে।
বাজারে ফুলকপি ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং লাউ ৬০–৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচামরিচের দাম কেজিতে ১৬০ থেকে ২০০ টাকায় উঠেছে। অন্যদিকে, পেঁপে ও মিষ্টি কুমড়া ৫০ টাকা, দেশি শসা ১২০ টাকা এবং হাইব্রিড শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে গত সপ্তাহের তুলনায় দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে সোনালি কক মুরগি ৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩১০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, গরুর মাংসের কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা। ইলিশের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে, ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

























